বৃহস্পতিবার,২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গজারিয়ায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন, শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ

 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষার লক্ষ্যে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার গ্রীন বার্ড কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী এবং রোগ নিয়ন্ত্রণ শাখার মেডিকেল অফিসার ডা. তানজিদ আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক এবং শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ। সময়মতো টিকা প্রদানই এ দুটি রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। সরকারের এই টিকাদান কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষার আওতায় আনা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নির্দিষ্ট কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানান, তারা যেন নির্ধারিত সময়ে তাদের সন্তানদের টিকা প্রদান নিশ্চিত করেন। এতে শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে পরিচালিত এই হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন