শুক্রবার,৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গজারিয়ায় খাদ্যগুদাম পরিদর্শনে –এমপি কামরুজ্জামান রতন

  মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর বাজার সংলগ্ন সরকারি খাদ্যগুদাম পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। খাদ্য মজুদ, সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করে তিনি গুদামের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি খাদ্যগুদামটি পরিদর্শন করেন। এ সময় গুদামের সেডগুলো ঘুরে দেখেন এবং খাদ্যসামগ্রী সংরক্ষণের পরিবেশ, মজুদের পরিমাণ ও ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, খাদ্যগুদাম নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের নেতিবাচক আলোচনা শোনা যায়। তাই প্রকৃত অবস্থা যাচাই করতে আমি নিজেই এখানে পরিদর্শনে এসেছি। খাদ্যসামগ্রীর সংরক্ষণ ব্যবস্থা, মজুদের পরিমাণ এবং রক্ষণাবেক্ষণের বিষয়গুলো আমরা সরেজমিনে দেখেছি। গজারিয়া উপজেলার খাদ্যগুদামে বর্তমানে পাঁচটি সেড রয়েছে, যার মধ্যে চারটিতে খাদ্যসামগ্রী মজুদ আছে। সার্বিক পরিস্থিতি সন্তোষজনক এবং কোথাও কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গুদামগুলোতে নিয়মিত নজরদারি ও সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে খাদ্য সংরক্ষণ ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ রাখা সম্ভব।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, মুন্সীগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক লিটন কুমার প্রামাণিক, গজারিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজোয়ার রহমান, রসুলপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মোল্লা প্রমুখ।
এ সময় স্থানীয়দের মতে, সংসদ সদস্যের এই পরিদর্শন খাদ্য সংরক্ষণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন