সরকার নির্ধারিত মূল্য থাকা সত্ত্বেও আন্তর্জাতিক পরিস্থিতিকে অজুহাত দেখিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে অধিক দামে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগ উঠেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁশতলা মৎস্য সেট সংলগ্ন ও বাজার সংলগ্ন কয়েকটি দোকান ও খোলা বিক্রয়কেন্দ্রে প্রতি লিটার পেট্রোল ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। অথচ সরকার নির্ধারিত মূল্যের তুলনায় এ দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা।স্থানীয়দের অভিযোগ, বাজারে দীর্ঘদিন ধরেই বেশি দামে পেট্রোল বিক্রি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি দেখা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত দামে পেট্রোল কিনতে বাধ্য হচ্ছেন।সরেজমিনে উপস্থিত সাংবাদিক এসএম শাহাদাত নিজের মোটরসাইকেলের জন্য এক লিটার পেট্রোল কিনতে গেলে তাকে ১২৫ টাকা দিতে হয়। এ বিষয়ে দোকানদার মহরম হোসেন বাবুর কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা প্রতি লিটার ১২১ টাকা দরে কিনেছি, তাই বেশি দামে বিক্রি করছি। কোন ডিলারের কাছ থেকে পেট্রোল কেনা হয়েছে এবং সে সংক্রান্ত ভাউচার দেখাতে বলা হলে তিনি ভাউচার দেখাতে অপারগতা প্রকাশ করেন।
স্থানীয়দের দাবি, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কেন্দ্র করে আন্তর্জাতিক উত্তেজনার অজুহাত দেখিয়ে কিছু ব্যবসায়ী পেট্রোলের দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে করে মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রি নিশ্চিত করা যায় এবং অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।


