নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া থেকে সোনারগাঁ পৌরসভা সংযোগ সড়কের চলমান উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে সরেজমিনে পরিদর্শন করেছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে তিনি সড়কটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান ও কাজের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সড়ক নির্মাণে নির্ধারিত মান ও প্রকৌশলগত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজে গাফিলতি কিংবা কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সতর্ক করেন।
আব্দুল্লাহ আল মামুন বলেন, “এ সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। জনগণের দীর্ঘমেয়াদি সুবিধার কথা বিবেচনা করে কাজের মান নিশ্চিত করতে হবে। সড়কটি যেন টেকসই ও দীর্ঘস্থায়ী হয়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”
স্থানীয় বাসিন্দারা জানান, হারিয়া থেকে সোনারগাঁ পৌরসভা পর্যন্ত এ সড়কটি বৈদ্যেরবাজার ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে স্থানীয়দের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে। একই সঙ্গে পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ আরও সহজ হবে।
এ ছাড়া সড়কটি উন্নত হলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়নকাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন হলে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


