রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় নিউজ সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বিরোধের জেরে মোয়াজ্জেম হোসেন (৪০) নামের এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোয়াজ্জেম হোসেন নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং জাতীয় দৈনিক আজকের পত্রিকা-এর কলাপাড়া প্রতিনিধি। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জেম হোসেন জানান, রাত ৮টার দিকে তিনি একটি মোবাইল সার্ভিসিং দোকানে বসে ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লালের নেতৃত্বে ৭-৮ জন তার ওপর দুই দফা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। হামলায় তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, গত ২১ জুন শহরের স্লুইজ এলাকায় তার বোনের বসতবাড়িতে হামলার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের ধরেই এ হামলা চালানো হয়েছে।
অভিযুক্তদের বক্তব্য
ঘটনার বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে কথা বলতে রাজি হননি।
অভিযুক্ত বেল্লাল অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমি এলএলবি পরীক্ষায় অংশ নিতে সারাদিন বরিশালে ছিলাম। সন্ধ্যার পর এলাকায় ফিরে ঘটনাটি সম্পর্কে জানতে পারি। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
ছাত্রদল ও বিএনপির প্রতিক্রিয়া
পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. জাকারিয়া আহমেদ বলেন,
“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. হুমায়ুন শিকদার বলেন,
“সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের খোঁজখবর নিয়েছি। তদন্তে জড়িতদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের বক্তব্য
পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন,
“আমি বিষয়টি জেনেছি। ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন,
“ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

অধ্যাপক আবদুল মজিদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে অবস্থিত অধ্যাপক আবদুল মজিদ কলেজের ২০২৬