ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বালিহাটা কমিউনিটি ক্লিনিকে যাওয়ার প্রধান প্রবেশ সড়কটি প্রায় পাঁচ বছর আগে পুকুরে বিলীন হয়ে গেছে। দীর্ঘদিনেও সড়কটি পুনর্নির্মাণ বা সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ায় চিকিৎসাসেবা নিতে আসা মানুষকে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ অনেকটাই বেড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বালিহাটা কমিউনিটি ক্লিনিকটি এলাকার গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র। জানা যায়, একসময় ক্লিনিকটির পেছনে পুকুর ঘেঁষে একটি সংযোগ সড়ক ছিল। ওই পথ দিয়ে বালিহাটা, নাউভাঙা, তাহেরপুর, শিবপুর, তারুন্দিয়া, আলিনগর, নারানাটিয়া, মির্জাপুর, মরিচারচর ও আলাদিয়ার আলগীসহ অন্তত ১০ গ্রামের মানুষ সহজেই চিকিৎসাসেবা নিতে আসতেন। কিন্তু কয়েক বছর আগে এই সড়কটি পুকুরে ধসে বিলীন হয়ে যায়। এরপর থেকে রোগীদের বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করে ক্লিনিকে পৌঁছাতে হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের গেট খোলা থাকলে মানুষ কিছুটা সহজে যাতায়াত করতে পারেন। তবে গেট বন্ধ থাকলে কয়েকটি বাড়ি ঘুরে বিকল্প পথে ক্লিনিকে পৌঁছাতে হয়।বালিহাটা গ্রামের বাসিন্দা দুলাল মিয়া বলেন, “বিদ্যালয়ের গেট বন্ধ থাকলে ২-৩টি বাড়ি ঘুরে ক্লিনিকে যেতে হয়। অসুস্থ মানুষ নিয়ে যাতায়াত করা খুবই কষ্টসাধ্য ব্যাপার।”আলিনগর গ্রামের নাজমা বেগম বলেন, “বর্ষার সময় বিকল্প পথ কাদাময় হয়ে যায়। তখন শিশু ও বৃদ্ধদের নিয়ে ক্লিনিকে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে।”বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাহফুজুল আহসান ফুয়াদ বলেন, প্রতি মাসে উচাখিলা ও তারুন্দিয়া ইউনিয়নের ৯টি গ্রাম এবং পাশের গৌরীপুর উপজেলার নাউভাঙা গ্রাম থেকে প্রায় ৬০০ থেকে ৭০০ রোগী এই ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসেন। রাস্তা না থাকায় রোগীদের ভোগান্তি বাড়ছে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, প্রবেশ সড়কটি গুরুত্বপূর্ণ। দ্রুত এটি পুনর্নির্মাণ করা হলে সাধারণ মানুষ নির্বিঘ্নে ক্লিনিকে যাতায়াত করতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, প্রবেশ সড়কটি ভেঙে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থল দ্রুত পরিদর্শন করে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


