বুধবার,২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈশ্বরগঞ্জে রমজান মাসে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি: এমপির আহ্বানে সকলের সংহতি

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিতে চাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি এই আগ্রহ প্রকাশ করেন এবং এই জনকল্যাণমূলক কাজে উপজেলার সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন।
তিনি ফেইসবুকে একটি পোস্টে বলেন ❛আমি রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে উপজেলায় গরুর মাংস বিক্রি করতে চাই। আমি সবার সহযোগিতা চাই। গতবার যে প্রতিযোগিতা ছিলো আমি চাই সকল ইসলামি দলও এটা করুক,অন্তত গরীব মানুষ গুলোর সাহায্য হবে। রাজনীতি মানুষের কল্যানে হোক। সবাই মিলে আমরা ভালো ঈশ্বরগঞ্জ চাই।
জাতীয়তাবাদি দল আমরা মানুষের কল্যানে ঐক্যবদ্ধ হই।❜
এমপির এই আহ্বানকে স্বাগত জানিয়ে ঈশ্বরগঞ্জের জাতীয়তাবাদী দলের কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন। তারা মনে করছেন, গত বছর উপজেলা প্রশাসন ভর্তুকি মূল্যে যে হাট বসিয়েছিল, এবার রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে তা আরো বড় পরিসরে করা সম্ভব।
এ বিষয়ে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ​”রাজনীতি হোক মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমি চাই না দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে আমার ঈশ্বরগঞ্জের কোনো পরিবার রমজানে মাংসের স্বাদ থেকে বঞ্চিত থাকুক। গত বছর প্রশাসন সাধ্যমতো চেষ্টা করেছে, এবার আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে সেই ধারা আরও বড় পরিসরে এগিয়ে নিতে চাই। দল-মত নির্বিশেষে আসুন, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই। সবাই মিলে গড়ে তুলি একটি মানবিক ও ‘ভালো ঈশ্বরগঞ্জ’।” এতে অন্তত রমজানে গরিব ও মধ্যবিত্ত মানুষগুলো কিছুটা স্বস্তিতে মাংস কিনতে ও খেতে পারবে।
জাতীয়তাবাদী দলের কর্মীরা বলেন, “আমরা চাই আমাদের ঈশ্বরগঞ্জ হবে একটি মানবিক ও আদর্শ উপজেলা। এমপি মহোদয় যে উদ্যোগের কথা বলেছেন, আমরা তাতে সাধারণ মানুষের স্বার্থে একমত। আমরা চাই সকল দল মিলেমিশে মানুষের সেবায় কাজ করি। রাজনীতি মানুষের দুর্ভোগ কমানোর জন্য হওয়া উচিত।”
উপজেলার সাধারণ মানুষ এই ঐক্যবদ্ধ উদ্যোগকে গ্রহন করেছেন এবং পোস্টের কমেন্ট বক্সে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, বড় দলগুলো যদি এভাবে সাধারণ মানুষের খাবারের প্লেটে স্বস্তি ফেরাতে এগিয়ে আসে, তবে এটি সারা দেশে একটি উদাহরণ হয়ে থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন