ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষায় নিয়মিত ছাত্রদের অনিয়মিত পরীক্ষার প্রশ্নপত্র প্রদান করায় বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় পিতাম্বরপাড়া হোসাইনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ওই ঘটনাটি ঘটে। জানা যায়, মঙ্গলবার অনুষ্ঠিত কোরআন মাজিদ পরীক্ষায় অনিয়মিত ছাত্রদের প্রশ্নপত্র দেয়া হয় নিয়মিত ছাত্রদেরকে। এতে ৩০ মিনিট পরীক্ষার সময় অতিবাহিত হওয়ার পর কেন্দ্রে কর্মরত শিক্ষক ও কেন্দ্র সচিবকে অবহিত করলে তারা বিষয়টি প্রথমে আমলে নেয়নি। পরে অন্যান্য একাধিক শিক্ষকদের নজরে আসলে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত সহকারী কমিশনার ভূমি সালাউদ্দিন বিশ্বাসের নির্দেশে প্রশ্নপত্র পরিবর্তন সহ সময় বৃদ্ধি করে পরীক্ষা নেয়া হয়।
পিতাম্বরপাড়া হোসাইনিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ ও কেন্দ্রের সচিব শোয়ায়েব আহমেদের সাথে মোবাইল ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি অভিযোগ সত্য নয় বলে ফোন কেটে দেন।
সহকারী কমিশনার ভূমি ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যতটুকু সময় নষ্ট হয়েছে পরিক্ষার শেষ অংশে তা বৃদ্ধি করে দেওয়া হয়েছে।


