ফেনী জেলার ইসলামী অঙ্গনের পরিচিত মুখ, ইসলামী ছাত্র আন্দোলন ফেনী জেলার সাবেক সভাপতি এবং ফেনীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শর্শদি ইসলামীয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মিজানুর রহমান কাসেমী সাহেব (রহঃ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাত ১টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে ফেনীসহ বিভিন্ন স্থানে তাঁর ছাত্র, সহকর্মী, শুভানুধ্যায়ী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
হাফেজ মাওলানা মিজানুর রহমান কাসেমী সাহেব ( রহঃ) দীর্ঘদিন ধরে শর্শদি ইসলামীয়া মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ইসলামী শিক্ষা বিস্তার, দ্বীনি দাওয়াত এবং ছাত্রদের আদর্শিক ও নৈতিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। ইসলামী ছাত্র আন্দোলন ফেনী জেলার সাবেক সভাপতি হিসেবে সংগঠনের ভিত্তি নির্মাণেও তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর ইন্তেকালে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।


