দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া থেকে পার্বতীপুরগামী ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে কয়লাবোঝাই একটি ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক পোল ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে শনিবার ভোর থেকে পুরো পার্বতীপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে ফুলবাড়ীগামী কয়লাভর্তি একটি ট্রাক (রেজি: কুষ্টিয়া ঢ-১১/২৭২৭) হাবড়া বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ কেভি লাইনের একটি পোলের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে পোলটি ভেঙে সড়কে পড়ে যায় এবং সঞ্চালন লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পার্বতীপুর কার্যালয়ের লাইনম্যান ও প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেন। ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত সচল করতে বিকল্প সংযোগ (ডাইভার্সন লাইন) দেওয়ার কাজও চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কার্যক্রম শেষ হলেই অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। অনেক এলাকায় পানির সরবরাহ ব্যাহত হয়েছে এবং শিল্পকারখানার কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।
এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধান ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


