দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধোপাকল ডাঙ্গাপাড়া গ্রামের মেধাবী তরুণী মোছাঃ বিপ্লবী আখতার বর্তমানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছেন। যে বয়সে তার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখার কথা, সেই সময়েই তাকে মোকাবিলা করতে হচ্ছে মরণব্যাধি ক্যান্সারের নির্মম বাস্তবতা।
তিনি নূরুল হুদা হাই স্কুলের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পড়াশোনায় মনোযোগী ও স্বপ্নবাজ এই তরুণী এখন রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে চলমান চিকিৎসায় ইতোমধ্যে পরিবারের সঞ্চয় শেষ হয়ে গেছে। প্রতিনিয়ত ব্যয়বহুল ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা খরচ মেটাতে গিয়ে পরিবার পড়েছে চরম আর্থিক সংকটে।
বিপ্লবী আখতারের পিতা মোঃ বিপ্লব আলী পেশায় একজন রাজমিস্ত্রি। দিনমজুরির সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে মেয়ের ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
অশ্রুসিক্ত কণ্ঠে বিপ্লবী আখতার বলেন,
“আমি বাঁচতে চাই। আবার সুস্থ হয়ে পড়াশোনা করতে চাই, নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই। কিন্তু এই রোগের চিকিৎসা খুব ব্যয়বহুল। সবার কাছে আমার একটাই অনুরোধ—আমাকে একটু সাহায্য করুন, আমি নতুন করে বাঁচার সুযোগ পেতে চাই।”
তার বাবা বিপ্লব আলী বলেন,
“আমি একজন সাধারণ রাজমিস্ত্রি। আমার সামান্য আয় দিয়ে এত বড় রোগের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। মেয়েটাকে বাঁচাতে আমি সবার কাছে সাহায্যের আবেদন করছি। আপনারা যদি একটু করে এগিয়ে আসেন, তাহলে হয়তো আমার মেয়েটা বেঁচে যাবে।”
স্থানীয়রা জানিয়েছেন, সমাজের বিত্তবান, প্রবাসী এবং সহানুভূতিশীল মানুষ এগিয়ে এলে এই তরুণীর জীবন রক্ষা করা সম্ভব হতে পারে। মানবিক সহায়তার হাতই হতে পারে তার নতুন জীবনের আশার আলো।
সহায়তার জন্য যোগাযোগ
মোঃ বিপ্লব আলী (পিতা)
মোবাইল: ০১৭৪৬৮৮৮৯৮৫
সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ: ০১৭৩৩-০৯৯৮৮৮
নগদ: ০১৩১৪-৫৮২৩৬৯
সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার অনুরোধ


