দিনাজপুর জেলা বিএনপি নেতাসহ ৯ জন সড়ক দুর্ঘটনায় আহত

 দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আবু বক্কর সিদ্দিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ সময় তার স্ত্রীসহ মোট চারজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে পরিবারসহ ভিসা-সংক্রান্ত কাজে দিনাজপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন তিনি। সকাল প্রায় ৬টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে তাদের বহনকারী গাড়ির সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবরটি ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মী ও আত্মীয়-স্বজন হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ফুলবাড়ী থেকে দিনাজপুরমুখী মাছবোঝাই পিকআপটি দ্রুতগতিতে চলছিল। প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, এ ঘটনায় মাছবোঝাই পিকআপের চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আহত চালককে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন