মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

দিনাজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন ও দণ্ডবিধি লঙ্ঘনের অভিযোগে কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সর্বমোট ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১ মার্চ ২০২৬) বিকেল ৫টায় দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে শহরের বাহাদুর বাজার ও স্টেশন রোড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে ‘রোলেক্স বেকারি’কে ১০ হাজার টাকা এবং একই আইনের ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ‘মিলেনিয়াম সুইটস’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জুয়েল রানা নামে এক পথচারীকে ২ হাজার টাকা এবং মাসুদ করিম নামে অপর এক পথচারীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডবিধির ২৯০ ধারা লঙ্ঘনের দায়ে সুজন ইসলাম নামে আরও একজনকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিমসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, ডিবি পুলিশ ও কোতয়ালি থানা পুলিশের সদস্যরা।
অভিযান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন