দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চোরাইকৃত পাঁচটি মোটরসাইকেল।
দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ডিবি দিনাজপুরের নেতৃত্বে একটি চৌকস টিম গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
কোতয়ালী থানার মামলা নং-৪৪, তারিখ-২২/১২/২০২৫ খ্রি., ধারা-৩৭৯, পেনাল কোড-১৮৬০ এর তদন্তের সূত্র ধরে প্রথমে গ্রেফতার করা হয় মোঃ লিমন ইসলাম (২৫), পিতা-মোঃ সুরত আলী, সাং-পাকেরহাট, ফকিরপাড়া, থানা-খানসামা, জেলা-দিনাজপুর। তাকে নীলফামারী জেলার সদর থানাধীন চড়াইখোলা ইউনিয়নের দালালের বাজার এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় মামলার অপর আসামি মোঃ শাহীনুর ইসলাম (৩২), পিতা-মৃত নবীউল ইসলাম, সাং-ফতেজংপুর পাইকারপাড়া, থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুরকে তার নিজ বাড়ি থেকে।
উদ্ধার অভিযান
আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী পার্বতীপুর থানাধীন ফতেজংপুর ইউনিয়নের সোনাপুকুর গ্রামে মোঃ বাদশাহ (৩০), পিতা-মোঃ রবিউল ইসলাম-এর বসতবাড়ি থেকে উদ্ধার করা হয় দুটি চোরাইকৃত মোটরসাইকেল।
পরবর্তীতে রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানাধীন কলেজপাড়া এলাকা থেকে মোঃ জুয়েল (২৮), পিতা-মৃত আতিয়ার রহমান-এর দখল হতে উদ্ধার করা হয় আরও তিনটি মোটরসাইকেল।
উদ্ধারকৃত মোটরসাইকেলসমূহ:
১. 100 CC TVS Metro
২. 160 CC TVS Apache RTR 4V
৩. 160 CC TVS Apache RTR
৪. 100 CC Hero HF Deluxe
৫. 110 CC Discover
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এমন সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


