সোমবার,২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৩০ হাজার টাকা

দিনাজপুর শহরের তালতলা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় প্রতিষ্ঠান দুটির কার্যক্রমও তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহা। এ সময় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. এস. এম. শরিফ, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ‘রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম’-এ প্রয়োজনীয় অনুমোদনপত্র ও নিবন্ধিত চিকিৎসক ছাড়াই চিকিৎসাসেবা প্রদান করার প্রমাণ পাওয়া যায়। এমনকি অপারেশন থিয়েটারের দায়িত্বে থাকা কাজল রায় নামের এক কর্মচারীর কোনো স্বীকৃত প্রশিক্ষণ বা সনদপত্র না থাকায় বিষয়টি গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ক্লিনিকে ভর্তি থাকা এক প্রসূতি রোগীকে দ্রুত নিরাপদ চিকিৎসার জন্য অন্য একটি অনুমোদিত প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়।
অন্যদিকে, একই ভবনের নিচতলায় অবস্থিত ‘ইউনিক ডায়াগনস্টিক সেন্টার’ প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হওয়ায় সেটিকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোমের পার্টনার ললিত রায় এবং শেয়ার পার্টনার জয়নুল আবেদিন পরিশোধ করেন। এ সময় ভবিষ্যতে সকল নিয়মকানুন মেনে প্রতিষ্ঠান পরিচালনার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।
ডেপুটি সিভিল সার্জন ডা. এস. এম. শরিফ জানান, দীর্ঘদিন ধরে সিভিল সার্জন কার্যালয়ের নিকটেই অবৈধভাবে এসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদিত চিকিৎসক ও মানসম্মত ব্যবস্থাপনার অভাব থাকায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জেলার বিভিন্ন স্থানে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা