টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা, একটি মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপ জব্দ এবং দুইজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (২৮ জুন ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ১টার দিকে টেকনাফ থানার কেরুনতলী কালভার্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন মিনি পিকআপে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত ইয়াবা ও মিনি পিকআপ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন