সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে দুই পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে পূর্ব ইসলামপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ সময় কোম্পানীগঞ্জ থানার পরোয়ানাভুক্ত পলাতক আসামি উত্তর রাজনগরের শিশির আহমদের পুত্র মোঃ সোলাইমান এবং ভাটরাই গ্রামের নজরুল ইসলামের পুত্র মোঃ আয়মানকে গ্রেফতার করা হয়।
এর আগে বুধবার (১১ মার্চ) বিকেলে শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত বোরহান উদ্দিন (৩৫) ও শফিক মিয়া (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক বোরহান উদ্দিনের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা এবং শফিক মিয়ার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার নভাগি গ্রামে। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


