পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। এ সময় একটি মুদি দোকান থেকে নগদ ১০ হাজার টাকা এবং এক নারীর গলার স্বর্ণের চেইন লুটের অভিযোগ উঠেছে।
রবিবার রাত ৯টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের স্লুইস এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সাবেক কমিশনার কালাম সরদার (৫৫), ব্যবসায়ী মো. আনিছুর রহমান (৫২) ও তার স্ত্রী রোকসানা আক্তার (৪৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল যুবক কালাম সরদারকে ধাওয়া করলে তিনি আনিছুর রহমানের দোকানে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা দোকানে ঢুকে কালাম সরদার ও আনিছুর রহমানকে মারধর করে। পরে কালাম সরদার পাশের বাসায় আশ্রয় নিলে হামলাকারীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা চালায়। এতে রোকসানা আক্তার আহত হন। পরিবারের দাবি, হামলার সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন খোয়া যায় এবং দোকানের ক্যাশ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা ঘটনার নিন্দা জানিয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন জানান, আহত নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


