১৮ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

বহুল প্রতীক্ষিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আগামী ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। একই সঙ্গে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম এহছানুল হক মিলন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানটি সকাল ১০টায় নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে আইন বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে এসব বিভাগে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।
নওগাঁবাসীর দীর্ঘদিনের দাবির পর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ায় জেলার উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের নিজ জেলায় উচ্চশিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি গবেষণা, দক্ষ মানবসম্পদ গঠন এবং আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও নতুন বিভাগ চালু করা হবে এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজও এগিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রাকে কেন্দ্র করে জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রত্যাশা, এ বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন