সিলেটে এম এ সাত্তার মিয়া, তাঁর স্ত্রী এবং গৃহপরিচালিকাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে। রোববার (১৬ আগস্ট) তরুছায়া মহিলা সংস্থা ও নারী নির্যাতন রক্ষা কমিটির উদ্যোগে সিলেট নগরীর বালুচর পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিলেট নগরীতে ট্রিপল মার্ডার এম এ সাত্তার মিয়া, তাঁর স্ত্রী এবং গৃহপরিচালিকাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে সর্বস্তরের মানুষের মাঝে। ভয়াবহ এই ট্রিপল মার্ডারের বিচার ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নেমেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
গতকাল তরুছায়া মহিলা সংস্থা ও নারী নির্যাতন রক্ষা কমিটির যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিহতের স্বজন, মানবাধিকারকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে নিহত এম এ সাত্তার মিয়ার মেয়ে সেলিনা সুলতানা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমাদের পরিবার আজ ধ্বংস হয়ে গেছে। এই কঠিন সময়ে তরুছায়া মহিলা সংস্থা ও নারী নির্যাতন রক্ষা কমিটির ভাইবোনেরা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সে জন্য আমি তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।” তিনি আরও যোগ করেন, “আমার নিরীহ বাবা-মা এবং গৃহকর্মীকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। আমি সরকার ও প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি—আমার বাবা-মা ও গৃহকর্মী হত্যার মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হোক।”
মানববন্ধনে সভাপতির বক্তব্যে তরুছায়া মহিলা সংস্থা ও নারী নির্যাতন রক্ষা কমিটির সম্মানিত সভাপতি শেখ রওশন আরা নিপা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “সিলেটের মতো পুণ্যভূমি ও শান্তির জনপদে এমন পরিকল্পিত নৃশংসে হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘাতক এর কোনো ধর্ম বা জাত নেই; তারা কেবলই ঘাতক। যে বা যারাই এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আর এক মুহূর্তও ছাড় দেওয়া যাবে না। অনতিবিলম্বে তদন্ত জোরদার করে ঘাতকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার দুঃসাহস না পায়।”
কর্মসূচিতে উপস্থিত সাধারণ জনগণ ও এলাকার সচেতন নাগরিকরা একাত্মতা প্রকাশ করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। উপস্থিত বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানান।


