কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ২৩নং পশ্চিম বাহিরচর ১২মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথটি বর্তমানে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তাটি দিয়ে দুইটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে পাশে থাকা তাহের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষার্থীরা।
জি কে (গঙ্গা-কপোতাক্ষ) ক্যানালের পরিত্যক্ত পরিষ্কার করা মাটি এবং ময়লা-আবর্জনা সরাসরি স্কুলের সামনের রাস্তার উপর উঁচু করে রাখায় এই চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয় ও স্কুল সূত্রে জানা যায়, সম্প্রতি জি কে ক্যানালের সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। কিন্তু খাল থেকে উত্তোলিত সেই পরিত্যক্ত মাটি ও আবর্জনা অন্যত্র সরিয়ে না নিয়ে দায়িত্বহীনভাবে বিদ্যালয়ের প্রধান ফটক ও যাতায়াতের রাস্তার ওপর ফেলে রাখা হয়েছে।
একটু বৃষ্টি হলেই এই মাটি গলে পুরো রাস্তাটি কাদা হয়ে যাচ্ছে, যা কোমলমতি শিক্ষার্থীদের হাঁটার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাটির সাথে মিশে থাকা খালের পচা আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটাচ্ছে। রাস্তাটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়ায় অনেক অভিভাবক তাদের ছোট সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন, যার প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপস্থিতির ওপর।
স্থানীয় এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্কুলের গেটের সামনে এভাবে খালের ময়লা মাটি উচু করে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের ছোট ছোট ছেলে-মেয়েরা প্রতিদিন জুতো-জামা নষ্ট করে,এবং যাতায়াতের সময় মাঝে মাঝে পিছলে পড়ে যায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দ্রুত এই মাটি ও আবর্জনা অপসারণ করে রাস্তাটি চলাচলের উপযোগী না করলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ও উপজেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করে জরুরি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।


