পাবনার আটঘরিয়ায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
সভায় আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল, আরএমও ডা. কামরুজ্জামান, জুনিয়র কনসালট্যান্ট (প্যাথলজি) ডা. ফাইরুজ পারভীন তানিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মাওলানা আমিরুল ইসলামসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার উদ্বোধন এ এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে উপজেলার সাধারণ মানুষ আরও সহজে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।
চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সেবার মান আরও বাড়াতে হবে। হাসপাতালের যেসব সমস্যা রয়েছে, তা পর্যায়ক্রমে সমাধান করে জনগণের প্রত্যাশিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।”
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

