রাস্তা দখল করে কাঠের স্তূপ, সোনারগাঁয়ে ৩ টিম্বার প্রতিষ্ঠানকে জরিমানা

সরকারি রাস্তা দখল করে গাছ ও কাঠের স্তূপ রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি টিম্বার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠান তিনটিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২০ আগস্ট) সোনারগাঁও পৌরসভার সাহাপুর ও হাতকোপা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তার ওপর গাছ ও কাঠের স্তূপ রেখে জায়গা দখল করে ব্যবসা পরিচালনার চিত্র উঠে আসে। পরে মা-বাবার দোয়া টিম্বারকে ২ হাজার টাকা, জয়নাল টিম্বারকে ২ হাজার টাকা এবং আল-আমীন টিম্বারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।
 
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—সরকারি রাস্তা দখল করে কোনোভাবেই ব্যবসা পরিচালনা কিংবা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। রাস্তা দখল করে কাঠ, গাছ কিংবা অন্য কোনো মালামাল রাখার মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, “সরকারি রাস্তা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা বা জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর কোনো সুযোগ নেই। যারা সরকারি জায়গা দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
 
তিনি আরও বলেন, “আজ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এরপরও যদি কেউ একই কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করে, তাহলে শুধু জরিমানা নয়, প্রচলিত আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
 
প্রশাসনের এ অভিযানের ফলে সরকারি রাস্তা দখল করে ব্যবসা পরিচালনাকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, শুধু জরিমানা নয়, রাস্তা দখলমুক্ত করে ভবিষ্যতে পুনরায় দখল ঠেকাতে নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগ করা প্রয়োজন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন