বিরামপুর উপজেলার পার ভবানীপুর গ্রামের একটি বসতবাড়ির আঙিনার মাটির নিচ থেকে লতাপাতার কারুকাজখচিত একটি বিশাল বেলে পাথরের দরজার ফ্রেম (কষ্টি পাথর) উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় প্রত্নসম্পদটি বিক্রির চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
গত ৮ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার পার ভবানীপুর (বালুপাড়া জামে মসজিদসংলগ্ন)এলাকায় মো. কামরুজ্জামান (৪০) নামে এক ব্যক্তির বসতবাড়ির আঙিনার মাটির নিচে অভিযান চালিয়ে পাথরের স্থাপত্যাংশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া বস্তুটি একটি বেলে পাথরের ডোর ফ্রেম বা দরজার কাঠামোর অংশবিশেষ। এর দৈর্ঘ্য ৪৭ ইঞ্চি, প্রস্থ ১২ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন প্রায় ২২৫ কেজি। পাথরের গায়ে লতাপাতার সূক্ষ্ম কারুকাজ খোদাই করা রয়েছে। জব্দ তালিকায় এর আনুমানিক মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এ সময় একটি **সিম্ফনি বিএল-১২৫ বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় কেশবপুর গ্রামের মো. হেলাল উদ্দিন (৪০)-কে প্রত্নসম্পদটি বিক্রির চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া পাথরের প্রকৃত বয়স, ঐতিহাসিক গুরুত্ব ও এটি কোনো প্রাচীন স্থাপনার অংশ কি না, তা প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


