বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের মূল পরিচয় ‘বাংলাদেশি’; দেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে চিটাগং হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচটিআরএফ) আয়োজনে ‘ইনডিজিনাস আইডেন্টিটি ইজ ইরেলেভেন্ট ফর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় দেশের সব নাগরিক সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করেন। জুলাই জাতীয় সনদেও দেশের ভূখণ্ডের সর্বস্তরের মানুষের পরিচয় ‘বাংলাদেশি’ হিসেবে নির্ধারণে রাজনৈতিক দল ও অংশীজনরা সম্মত হয়েছেন বলে দাবি করেন তিনি।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক কোনো ডিক্লারেশন বা আইএলও কনভেনশন ১৬৯ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং বাংলাদেশ এ কনভেনশনের অংশীদারও নয়।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা বক্তব্য দেন।


