বরিশাল আদালত চত্বরে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরের জুডিশিয়াল ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে আদালত চত্বরে বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং আলামত সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু করেন।
জানা গেছে, আদালত চত্বরে প্রবেশের প্রধান ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, অগণতান্ত্রিক কোনো শক্তি এ নাশকতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিএমপির উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, সিআইডির একটি টিম ঘটনাটি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।


