“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই উদ্বোধনী কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আয়ুব আলী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইনস্ট্রাক্টর আশরাফুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোরশেদ আলী।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, যুবদল নেতা আবুল কালাম আজাদ, আব্দুল জব্বার ও রাকিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় মৎস্যজীবীরা অংশ নেন।
সভায় বক্তারা দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং রূপালি ইলিশসহ বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধিতে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


