মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতার বাড়ির পাশে লাল টেপে মোড়ানো ২টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ১৬ আগস্ট ২০২৬, রোববার সকাল ৮টার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীরমধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের বাড়ির পাশ থেকে বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়। আবুল হোসেনের স্ত্রী আফরোজা খাতুন ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
বিএনপি নেতা আবুল হোসেন জানান, রাতের আঁধারে কে বা কারা তাঁর বাড়ির পাশে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু রেখে যায়। রোববার সকালে স্থানীয় লোকজন বস্তু দুটি দেখতে পেয়ে তাঁকে খবর দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।
এই খবর ছড়িয়ে পড়লে বোমাসদৃশ বস্তু দুটি দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে। আবুল হোসেন অভিযোগ করে বলেন, “এলাকার শান্তি ও রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এই কাজ করেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করেছে। সুরক্ষার স্বার্থে বস্তু দুটিকে আপাতত পানি ভর্তি বালতিতে ভিজিয়ে রাখা হয়েছে।
কারা এবং কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


