বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে কারখানার পানি খেয়ে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় জেলার কালিয়াকৈর উপজেলাধীন চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটেছে।
হাসপাতালে অবস্থানরত শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে কারখানায় প্রবেশ করে শ্রমিকরা। কাজ শুরুর কিছুক্ষণ পর শ্রমিকরা কারখানার পানি পান করেন। এর কিছুক্ষণ পর কারখানার চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে যাওয়া, বমিসহ নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। ধীরে ধীরে কারখানার অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন।
পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক।
অসুস্থ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ বোধ করেন। ধীরে ধীরে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
কারখানার শ্রমিক জাহিদ, মাজেদুল, তন্নি আক্তার জানান, প্রতিনিয়ত তারা কারখানার সাপ্লাই থেকে পানি পান করেন। আজও সেখান থেকেই পানি পান করার কিছুক্ষণ পর সবার মধ্যেই এমন অস্বাভাবিকতা দেখা দেয়। ২ শতাধিক শ্রমিক মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়, অনেকেই বমি করেন, অনেকেই অচেতন হয়ে পড়েন। পরে সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অনেককেই কারখানার ভেতরেও চিকিৎসা দেওয়া হয়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন শফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থতাবস্থায় ১১০ জন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। একের পর এক রোগী আসছে। আমরা যথাক্রমে তাদের চিকিৎসা দিচ্ছি। ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল আছে।
ড্রেসম্যান লিমিটেডের কারখানার এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে, গত সোমবারের টানা বৃষ্টির পর আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শ্রমিকেরা পানিতে ডুবে যাওয়া কলের পানি পান করেন এবং আজ সকালে কাজে এসে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। কারখানার পানিতে কোনো সমস্যা আমরা পাইনি।’
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফফরুল হোসাইন জানান, কারখানার পানি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন