গাজীপুরের কালিয়াকৈর গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কালিয়াকৈর উপজেলা
প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য “অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে—চলো যাই গ্রাম আদালতে” এই শ্লোগানের উপর বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়। চার ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ জাহিদ কামালের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, কালিয়াকৈর থানার ওসি ( তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ম্যানেজার মোসাম্মাৎ সাবিনা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীমা আক্তার, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি প্রমূখ। এছাড়া উপজেলা সহকারী কমিশনার মোঃ ফাহিম শাহরিয়ার, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির সহযোগিতায় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পরিচালিত এ প্রকল্পের আওতায় কালিয়াকৈর সহ বিভিন্ন উপজেলায় গ্রাম আদালত পরিচালিত হচ্ছে।
কর্মশালায় গ্রাম আদালতের সুফল সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে অবগত করা হয়। গ্রাম আদালতে নিষ্পত্তিযোগ্য ফৌজদারী মামলার মধ্যে চুরি, ঝগড়া-বিবাদ, কলহ বা মারামারি, দাঙ্গা, প্রতারণা, ভয়ভীতি দেখানো বা হুমকি দেয়া, কোনো নারীর শালীনতাকে অমর্যাদা বা অপমানের উদ্দেশ্যে কথা বলা, অঙ্গভঙ্গি করা বা অন্য কোনো কাজ করা, গচ্ছিত কোনো মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, পশুহত্যা, ক্ষতি সাধন এবং দেওয়ানী মামলার মধ্যে পাওনা টাকা আদায় সংক্রান্ত, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সংক্রান্ত, অস্থাবর সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায় সংক্রান্ত, কোনো অস্থাবর সম্পত্তি জবর দখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, গবাদিপশুর অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ সংক্রান্ত, গবাদিপশুর মেরে ফেলা বা গবাদিপশুর ক্ষতি সংক্রান্ত, কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, স্ত্রী কর্তৃক বকেয়া খোরপোষ আদায় বিষয়ে বক্তারা আলোকপাত করেন।


