বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন-এর ৬নং ওয়ার্ডের চরআইচা এলাকায় জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, নহুমউদ্দীন হাওলাদার বাড়ির মালিকানাধীন দাবি করা জমিতে মোঃ রফিক মুন্সি ও সোহাগ মুন্সি (পিতা: কাদের মুন্সি) জোরপূর্বক দখল নিয়ে ঘর নির্মাণ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জমির মালিক দাবিদার মোঃ জাকির হাং অভিযোগ করে বলেন, “এ জমি আমাদের বৈধ মালিকানাধীন। প্রতিপক্ষ জোরজবরদস্তি করে এবং প্রভাব খাটিয়ে সেখানে ঘর নির্মাণ করেছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। বরং আমাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।”
এ বিষয়ে মোঃ রিদয় হাং বলেন, “জমি বিরোধের জেরে আমাকে মিথ্যা ধর্ষণ মামলায় জড়ানো হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার চাই।”
আরেক ভুক্তভোগী মোঃ এনামুল হাং অভিযোগ করেন, “প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় ক্ষমতার জোরে জমি দখল করে বিল্ডিং নির্মাণ করেছে। বিদেশে থাকা আত্মীয়দের অর্থ ব্যবহার করে তারা সবকিছু ম্যানেজ করছে।”
মোঃ হেলাল হাং বলেন, “পুলিশকে প্রভাবিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।”
এদিকে স্থানীয় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং জমি বিরোধের ন্যায়সঙ্গত সমাধানের জোর দাবি জানিয়েছেন।


