চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। নিহতদের একজন নৈশ প্রহরী ও অপরজন কাভার্ডভ্যান চালকের সহকারী। রবিবার (১১ মে) ভোরে এসব দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ কর্মকর্তারা। প্রথম ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি বিএম গেট সংলগ্ন বানুর বাজার এলাকায়। নিহত ব্যক্তি হলেন মো. হাসান (৪৫), যিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার বাসিন্দা ও পেশায় একজন নৈশ প্রহরী। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, হাসান মহাসড়কের পাশে একটি খালে ময়লা ফেলতে গিয়েছিলেন। ফেরার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, শনিবার গভীর রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। একটি কাভার্ডভ্যান ঢাকামুখী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের হেলপার মো. সৈকত (২৬) ছিটকে পড়ে যান। পরে ওই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন জানান, নিহত নৈশ প্রহরীর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া, কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, হেলপার সৈকতের মরদেহও মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনা দুটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
মন্তব্য করুন