দিনাজপুর শহরে বুধবার (১৭ জুন) দিন শেষে রাতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। হঠাৎ এই বিশেষ অভিযানকে ঘিরে শহরজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। জেলা পুলিশের দাবি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনা ও নেতৃত্বে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে।
অভিযান চলাকালে পুলিশ সদস্যরা জনসাধারণকে মাদক ও জুয়ার ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন করেন এবং সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন থানার উদ্যোগে গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জেলা পুলিশ আরও জানিয়েছে, ছিনতাই, মাদক, জুয়া এবং সকল ধরনের অপরাধের বিরুদ্ধে দিনাজপুর জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


