পবিত্র হজ পালন এবং কাবা শরীফ তাওয়াফের অদম্য স্বপ্ন বুকে ধারণ করে নাটোরের সিংড়া উপজেলা থেকে পায়ে হেঁটে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেছেন দুলাল হোসেন (৪৫)।
তিনি সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত মকসেদ আলী এবং মা পিয়ারা বেগম।
দীর্ঘদিন ধরেই দুলাল হোসেনের স্বপ্ন ছিল পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফে পৌঁছে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালন করা। সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় নিয়েই তিনি নিজ গ্রামের মানুষের দোয়া ও শুভকামনা সঙ্গে নিয়ে দীর্ঘ ও কঠিন এই যাত্রা শুরু করেন।
বিদায়ের সময় স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তার নিরাপদ সফর, সফলভাবে হজ পালন এবং সুস্থভাবে দেশে ফিরে আসার জন্য দোয়া করেন। তার ব্যতিক্রমী এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই তার সাহস, ধৈর্য, দৃঢ় মনোবল ও ধর্মীয় অনুরাগের প্রশংসা করছেন।
বাংলাদেশ থেকে সৌদি আরব পর্যন্ত পায়ে হেঁটে পৌঁছানো অত্যন্ত দীর্ঘ ও কষ্টসাধ্য একটি পথ। নানা দেশের সীমান্ত, প্রয়োজনীয় ভ্রমণ অনুমতি এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই এ ধরনের যাত্রা সম্ভব। সব বাধা অতিক্রম করে মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে দুলাল হোসেন তার স্বপ্নের পথে এগিয়ে চলেছেন।
তার এই অনন্য উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। এলাকাবাসীর প্রত্যাশা, আল্লাহ তাআলা তার সফর সহজ করুন, নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছে হজ পালনের তাওফিক দান করুন এবং সুস্থভাবে দেশে ফিরিয়ে আনুন।


