চট্টগ্রাম জেলা লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির বাজার এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় তিন বছর বয়সী এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, মনুফকির বাজারের এক ব্যবসায়ীর ছোট ছেলে কয়েকদিন আগে তার নানার বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়।
দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়। দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শিশুটির পরিবারে নেমে এসেছে গভীর শোক ও মাতম। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ছোট শিশুদের প্রতি আরও বেশি নজরদারি প্রয়োজন, বিশেষ করে পুকুর বা জলাশয়ের আশপাশে। এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ ঘটনায় এলাকায় চরম শোকের আবহ বিরাজ করছে।


