বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লোহাগড়ায় রেজুলেশন ছাড়াই এতিমদের টাকা তুলে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা আকিদুল ইসলাম

নড়াইলের লোহাগড়া পৌরসভার লোহাগড়া ইসলামিয়া এতিমখানায় সমাজসেবা অধিদপ্তর থেকে এতিম-দুস্থদের জন্য বরাদ্দকৃত ক্যাপিটেশনের অর্থ ব্যাংক থেকে তুলে নিয়েছেন ওই এতিমখানার সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে ,  প্রতিবছর ৬ মাস পর পর এতিম ও দুস্থদের ক্যাপিটেশনের টাকা সংশ্লিষ্ট সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বরাদ্দ হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় লোহাগড়া শহরের  ইসলামিয়া এতিমখানার ৩৮ জন এতিম ও দুঃস্থদের নামে ৪ লাখ ৫৬ হাজার টাকার চেক প্রদান করেন লোহাগড়া সমাজ সেবা অফিস। উক্ত টাকা ওই এতিম খানার ব্যাংক একাউন্টে জমা হয়।
কিন্তু অবাক করা বিষয়টি হলো, কোন রেজুলেশন ছাড়াই মোল্যা আকিদুল ইসলাম গত ১৫ ফেব্রুয়ারি ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলন করেন।  ওই টাকা উত্তোলন করে মাওলানা বদরুলের পাওনা ৪৩ হাজার টাকা প্রদান করে অবশিষ্ট ৫৭ হাজার টাকা  বিএনপি নেতা মোল্যা আকিদুল ইসলাম নিজের কাছে রেখে দেন, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
এ বিষয়ে ওই এতিম খানার সহ-সভাপতি মোঃ শুকুর হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তার কাছে টাকা উত্তোলনের বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের বলেন, ‘আপনি কে ?  আপনাকে কেন তথ্য দিবো। আপনাকে আমি দেখছি বলে হুমকি দিয়ে ফোন কেটে দেন।
অভিযুক্ত মোল্যা আকিদুল ইসলাম লোহাগড়া ইসলামিয়া এতিমখানার সাধারণ সম্পাদক ও
লোহাগড়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক।।
এ ঘটনায় ওই এতিমখানার সাধারণ সম্পাদক মোল্যা আকিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ‘ব্যাংক থেকে ১ লাখ টাকা  উত্তোলন করে ৪৩ হাজার পাওনা  টাকা জয়পুর মাদ্রাসার প্রিন্সিপালকে বুঝে দিয়েছি। বাকি ৫৭ হাজার টাকা আমার কাছে রেখেছি।
এতিমখানার সভাপতি মোঃ সাবু মিয়া বলেন, ‘আমি ঘটনা শুনেছি। টাকা উত্তোলন করে টাকা তার কাছে থাকার কথা নয়। তবে কেন আকিদুল তার কাছে রেখেছে আমার জানা নাই’।
এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তা মোঃ শামীম রেজা সাংবাদিকদের বলেন,  ‘এতিম দুস্থদের টাকা ব্যাংক থেকে উত্তোলনের পূর্বে কমিটির রেজুলেশন পাশ করে টাকা উত্তোলন করতে হবে। কোন ব্যাক্তির পকেটে রাখতে পারবে না।
এ বিষয়ে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, বিষয়টি আমার জানা নাই,  তবে জেনে বিধি মোতাবেক ব্যাবস্থা নিবো।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন