ফরিদপুরের মধুখালী উপজেলার মেছোরদিয়ার মোড়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে, খুলনা থেকে ছেড়ে আসা রাহুল পরিবহন (সৈকত পরিবহন) নামের একটি যাত্রীবাহী বাস। তবে এ ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুর ৩টা ২০ মিনিটের দিকে মেছোরদিয়ার মোড়ে ওয়ালটন শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীদের ভাষ্য অনুযায়ী, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব-১৫-৩৫৫১ নম্বরের রাহুল পরিবহনটি স্বাভাবিক গতিতে চলছিল। মেছোরদিয়ার মোড়ে ওয়ালটন শোরুমের সামনে সড়কের ওপর থাকা পরপর তিনটি ছোট স্পিড ব্রেকার পার হওয়ার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের বাম পাশ থেকে ডান পাশে চলে যায়।
পরে রাস্তার পাশে থাকা একটি বড় রেন্টি গাছের সঙ্গে বাসটি ধাক্কা লেগে আটকে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসের যাত্রীরা। স্থানীয়দের দাবি, গাছটি না থাকলে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত।
দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও যাত্রীসহ প্রায় ২০ থেকে ২২ জন ছিলেন। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কয়েকজন যাত্রীর পা ও মুখে সামান্য আঘাত ও কেটে যাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং যাত্রীদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসায় সহযোগিতা করেন।
আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা।


