সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

ভোলা সদর উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ধনিয়া ইউনিয়নের কানাইনগর আন্ধির খাল থেকে মেঘনা নদীর স্লুইসগেট পর্যন্ত এ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের এ কর্মসূচি অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অন্যদিকে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কার্যকর অবদান রাখছে।
তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভোলা জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
তিনি সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান ভোলা থানা যুবদলের সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেনসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এ প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষিনির্ভর অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করেছেন স্থানীয় ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন