পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থীর কর্মীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো: বরাত হোসেন (২২)। তিনি ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং মো: আনোয়ার হোসেনের ছেলে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রার্থীর ছবি, নাম ও মার্কা সম্বলিত ভোটার স্লিপ নিয়ে নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পরও এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন মো: বরাত হোসেন। এ ঘটনায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ এর ৮(খ) ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়।
পরবর্তীতে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ এর ২৭(ক) ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানায়, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে আচরণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে কেউ এ ধরনের আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
এদিকে স্থানীয়রা বলছেন, নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের এমন তৎপরতায় এলাকায় নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়ক হবে।


