কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ীও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই সুজন কুমার আচার্য্য, এএসআই মোঃ কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে উপজেলার ৩নং চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকার ৮নং ওয়ার্ডে মাঈন উদ্দিন সরকার বাড়ির পাশের একটি ব্রীজ সংলগ্ন কাঁচা রাস্তা থেকে অজ্ঞাতনামা একটি পিকআপ গাড়ী আটক করা হয়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে এর ভেতর থেকে ৬০ (ষাট) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত গাড়ীর চালক, মালিক ও অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানা-এ মামলা নং-২১(০৪)২৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত পিকআপ গাড়ী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।
মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


