সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সেলিম রেজা বেকারত্ব দূরীকরণ ও টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একগুচ্ছ বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেছেন।
এক নির্বাচনী সভায় তিনি বলেন, বেকারত্ব দেশের অন্যতম প্রধান সমস্যা। এই সমস্যা মোকাবিলায় টেকসই সমাধানের লক্ষ্যে এলাকাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এর অংশ হিসেবে কাজিপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, এলাকায় বিদ্যমান কম্বল শিল্প ও আসবাব শিল্পের মানোন্নয়ন ও সম্প্রসারণে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে, যাতে এসব শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক ও উদ্যোক্তারা আরও লাভবান হতে পারেন।
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে গুরুত্বারোপ করে সেলিম রেজা বলেন, মহিলাদের কর্মসংস্থানের জন্য স্থানীয় নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় পুঁজির ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।
তিনি দরিদ্র পরিবারের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে এলাকায় কারিগরি শিক্ষার প্রসারে জোর দেন। প্রয়োজনে বিধিমোতাবেক নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান, যাতে যুব সমাজ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে।
সেলিম রেজা বলেন, “আমি নির্বাচিত হলে সিরাজগঞ্জ-১ আসনকে একটি কর্মসংস্থানবান্ধব ও আত্মনির্ভরশীল অঞ্চলে রূপান্তর করাই হবে আমার প্রধান লক্ষ্য।”


