বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাস কাউন্টারে হামলা ও শ্রমিক মারধরের প্রতিবাদে নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

বাস কাউন্টারে হামলা ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে নওগাঁ থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে এ কর্মসূচি শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকে অনেক যাত্রীকে বিকল্প যানবাহনে করে গন্তব্যে রওনা হতে দেখা গেছে। কেউ অটোরিকশা কিংবা ইজিবাইকে করে বগুড়ার সান্তাহারে গিয়ে ট্রেন বা বাস ধরার চেষ্টা করছেন, আবার কেউ ভাঙাচোরা নওগাঁ-নাটোর সড়ক ব্যবহার করে দূরের গন্তব্যে যাচ্ছেন।

জানা গেছে, সোমবার দিবাগত রাত ১১টার দিকে নওগাঁ শহরের পার-নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় একতা পরিবহনের একটি বাস ঘোরানোকে কেন্দ্র করে চালক ও সহকারীদের সঙ্গে স্থানীয় এক মোটরসাইকেল চালকের বাকবিতণ্ডা হয়। পরে ওই ঘটনার জেরে রাত সাড়ে ১১টার দিকে একদল যুবক একতা পরিবহনের কাউন্টারে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

এ সময় কাউন্টারের থাই গ্লাস, টেবিল ও চেয়ার ভাঙচুর করা হয় এবং একতা পরিবহনের নওগাঁ কাউন্টারের ব্যবস্থাপক মানিক হোসেনসহ তিনজন শ্রমিককে মারধর করা হয়।

একতা পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মানিক হোসেন বলেন,

“বাস ঘোরানোর সময় সাময়িকভাবে যান চলাচলে সমস্যা হওয়ায় আমি ওই মোটরসাইকেল চালকের কাছে দুঃখ প্রকাশ করি। কিন্তু পরে তিনি আরও কয়েকজনকে নিয়ে এসে আমাদের কাউন্টারে হামলা চালান এবং শ্রমিকদের মারধর করেন।”

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রাখা হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মতিউজ্জামান জানান, নওগাঁ-ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশালসহ ২২টি রুটে প্রতিদিন চার শতাধিক বাস চলাচল করে। তবে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলার অভ্যন্তরীণ ও রাজশাহীগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন,

“ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রেখেছে। দুই পক্ষকে নিয়ে আলোচনা চলছে। দ্রুত সমাধানের মাধ্যমে বাস চলাচল স্বাভাবিক করা হবে বলে আশা করছি।”

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে বাস বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে যাতায়াতকারী যাত্রীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও কাউন্টারগুলো বন্ধ রয়েছে। সেখানে যাত্রীদের ভিড় থাকলেও কোনো বাস ছেড়ে যায়নি।

ঢাকাগামী যাত্রী ও স্কুলশিক্ষক আবু কালাম আজাদ বলেন,

“জরুরি কাজে আজই ঢাকায় যেতে হবে। বাসস্ট্যান্ডে এসে দেখি সব কাউন্টার বন্ধ। এখন সান্তাহারে গিয়ে ট্রেন অথবা অন্য কোনো বাস ধরার চেষ্টা করব।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং