সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বালুচরের রাস্তা সংস্কারে ধীরগতি: ৩৬ নং ওয়ার্ডবাসীর চরম ভোগান্তি, প্রশাসকের সুদৃষ্টি কামনা। শেখ রহিম উদ্দিন

 সিটি কর্পোরেশনের (সিসিক) ৩৬ নং ওয়ার্ডের বালুচর প্রধান সড়কের উন্নয়ন কাজের ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। অপরিকল্পিতভাবে কাজ চলায় এবং দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং রোগীদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।
শিক্ষার্থীদের যাতায়াতে চরম বাধা
স্থানীয় বাসিন্দারা জানান, এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। বিশেষ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একটি বড় অংশের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত এই পথ ব্যবহার করেন। রাস্তাটির বেহাল দশার কারণে সময়মতো ক্লাসে বা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য এক প্রকার যুদ্ধ জয়ের মতো হয়ে দাঁড়িয়েছে।
ঝুঁকিতে রোগীরা, থমকে গেছে অ্যাম্বুলেন্স
রাস্তার যত্রতত্র গর্ত এবং ড্রেন খননের কারণে জরুরি চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, কোনো জরুরি রোগীকে এই রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। ঝাঁকুনির ভয়ে সাধারণ রিকশা বা সিএনজি অটোরিকশাও এই এলাকায় আসতে চায় না, যার ফলে মুমূর্ষু রোগীদের জীবন নিয়ে প্রতিনিয়ত ঝুঁকি তৈরি হচ্ছে।
ভোক্তভোগী এলাকাবাসীর বক্তব্য:
“উন্নয়ন কাজ হোক সেটা আমরাও চাই, কিন্তু এভাবে মাসের পর মাস রাস্তা ফেলে রেখে অপরিকল্পিতভাবে কাজ করার কোনো মানে হয় না। আমাদের দৈনন্দিন জীবন থমকে গেছে।”
প্রশাসকের সুদৃষ্টি কামনা
এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম ভাইয়ের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন ৩৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
এলাকাবাসীর দাবি, বর্ষা মওসুমের কথা বিবেচনা করে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে দ্রুততম সময়ের মধ্যে যেন এই রাস্তার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন