শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনা সদরে ৫০ শতক জমিতে সূর্যমুখী প্রদর্শনী: কৃষক মাসুম বিল্লাহর আয় বৃদ্ধির নতুন সম্ভাবনা

পাবনা সদর উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্যাটার্নভিত্তিক একক সূর্যমুখী প্রদর্শনী স্থাপন করা হয়েছে।
“সূর্যমুখী-আউশ-রোপা আমন” প্যাটার্নের আওতায় উত্তর রাঘবপুর গ্রামের কৃষক মোঃ মাসুম বিল্লাহ-এর ৫০ শতক জমিতে হাইব্রিড জাতের সূর্যমুখী টিএসএফ-২৭৫ চাষের প্রদর্শনী ২৩ নভেম্বর ২০২৫ তারিখে শুরু হয়। একই দিনে প্যাটার্ন কার্যক্রমেরও সূচনা করা হয়। এটি “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প”-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে।
পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষিবিদ মোহাম্মদ জাকিরুল ইসলাম বলেন, “এই ধরনের প্রদর্শনী কৃষকদের নতুন প্রযুক্তি ও চাষ পদ্ধতি শেখার সুযোগ তৈরি করছে। সঠিক পরিচর্যা ও নিয়মিত তত্ত্বাবধানে সূর্যমুখীর ফলন ও আয় দুটোই বৃদ্ধি পাবে।”উত্তর রাঘবপুর তেলজাতীয় ফসল উৎপাদন কৃষক গ্রুপ এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।
খরচ ও সম্ভাব্য ফলন
কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতি বিঘা জমিতে বীজ, জমি প্রস্তুত, সেচ, সার, কীটনাশক ও শ্রমিক খরচ মিলিয়ে প্রায় ১৮,০০০–২২,০০০ টাকা ব্যয় হতে পারে। তবে সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি বিঘায় ৮–১২ মণ (প্রায় ৩২০–৪৮০ কেজি) ফলন পাওয়া সম্ভব। কৃষক মোঃ মাসুম বিল্লাহ আশা করছেন প্রতি বিঘায় ১০–১২ মণ ফলন পাবে।
বাজারদর ও সম্ভাব্য লাভ
বর্তমান বাজারে প্রতি মণ সূর্যমুখী বীজের দাম প্রায় ৩,২০০–৪,৫০০ টাকা (প্রতি কেজি ৮০–১১০ টাকা)। প্রতি বিঘায় ১০–১২ মণ ফলন হলে মোট বিক্রি হতে পারে প্রায় ৩২,০০০–৫৪,০০০ টাকা। উৎপাদন খরচ বাদ দিলে সম্ভাব্য লাভ দাঁড়াতে পারে ১২,০০০–৩০,০০০ টাকা বা তার বেশি।
মাসুম বিল্লাহ বলেন, “ফলন ভালো হলে এবং বাজারদর অনুকূলে থাকলে সূর্যমুখী চাষ ধানের তুলনায় বেশি লাভজনক হতে পারে।”
সূর্যমুখীর হলুদ ফুলে পুরো ক্ষেত এখন দৃষ্টিনন্দন রূপ ধারণ করেছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ফুল দেখার জন্য আসছেন। দর্শনার্থীদের জন্য জানানো যাচ্ছে, ফুলবাগানে সবাই ফুল উপভোগ করতে পারবেন, তবে কোনো অবস্থাতেই ফুল ছিঁড়তে বা গাছের ক্ষতি করতে পারবেন না।
পাবনা জেলা তেলজাতীয় ফসল উৎপাদনে সম্ভাবনাময় অঞ্চল হিসেবে পরিচিত। এই ধরনের প্রদর্শনী সফল হলে কৃষকের আয় বৃদ্ধি এবং দেশের ভোজ্যতেলের উৎপাদনেও সহায়ক হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং