নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, লাহুড়িয়া ইউনিয়নের
কচুবাড়িয়া গ্রামের হারুন মোল্যা (৪৩) ও তার স্ত্রী আদুরি বেগম (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে হারুন মোল্যার বাড়িতে অভিযান চালায় অধিদফতরের একটি চৌকস দল। এ সময় তাদের তল্লাশি করে ২১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাদের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


