প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ আজ সোমবার বর্তমান সরকারের ১৮০ দিনপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বললেন, দেশে কোনো ‘মব কালচার’ সহ্য করা হবে না। প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে।
দেশে ‘মব কালচার’ বন্ধে সরকারের পদক্ষেপ সম্পর্কে এক প্রশ্নের জবাবে ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘মব কালচার যখনই হোক, এটা অনভিপ্রেত। আশা করি, মব কালচার হবে না, কখনই হওয়া উচিত নয়। আপনি যেটা বলেছেন, রিসেন্টলি মব কালচার হয়েছে এমন কোনো স্পষ্ট উদাহরণ আমার কাছে নেই। আমি বলছি, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে হয়েছিল, সেই ধরনের মব কালচার নেই।’
তিনি বলেন, ‘আমরা আপনাদের নিশ্চিত করতে পারি এই ধরনের কোনো মব কালচার টলারেট করা হবে না। আইন অনুযায়ী দেশ চলবে।’
এই পর্যায়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘আমি এখানে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে মব কালচারের মাত্রাটা এখন অনেক কমে গেছে। এটা অনেকটা পলিটিক্যাল সাপোর্ট থেকে এই মব কালচার হয়েছে। একটা প্রচ্ছন্ন রাজনৈতিক প্রভাব থাকে। আমি বলি, আইনের শাসন যত বাড়তে থাকবে, ততই এই মব কালচার কমে যাবে।’
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আইনের শাসনের প্রত্যয় ঘোষণা করেছেন। সেখানে কোনো ভিন্ন মতের কারণে বা বিরোধী রাজনৈতিক নেতা আজকে হয়রানির মুখে পড়ছেন না। সুতরাং এই আইনের শাসনের আবহাওয়াটা যতক্ষণ পর্যন্ত বিরাজমান থাকবে, মব কালচার তত কমে যাবে।’

