দিনাজপুরের হাকিমপুর উপজেলা খট্রামাধবপাড়া ইউনিয়নের চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় বুধবার (৪ মার্চ) দুপুরে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে দুইটি কারখানাকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে আয়েশা-সালমা ও ভাই-বোন প্রোডাক্ট নামের দুইটি সেমাই কারখানায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দেখা যায়, যথাযথ লাইসেন্স ছাড়া উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থা ছাড়াই খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এছাড়া কাঁচামাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা যায়।
ভ্রাম্যমাণ আদালত
❝জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা❞
আইন অনুযায়ী কারখানা দুইটিকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং দ্রুত লাইসেন্স গ্রহণসহ স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, খাদ্যপণ্য উৎপাদনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


