নবনির্বাচিত সংসদ সদস্যের হস্তক্ষেপে টুঙ্গিপাড়া পৌরসভা এলাকায় ভ্যানচালকদের কাছ থেকে দীর্ঘদিনের পৌর টোল আদায় বন্ধ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শত শত ভ্যানচালক।
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান লেবুতলা গ্রামের ভ্যানচালক মোস্তাইন শেখ। তিনি বলেন, “সকালবেলা খালি পকেটে ভ্যান নিয়ে বের হতাম। ভ্যান থামিয়ে ইজারাদারের লোকজন জোর করে ১০ টাকা টোল নিত। টাকা না থাকলে ছাড়ত না। কিন্তু গত দুই দিন ধরে আর টাকা নিচ্ছে না। শুনেছি নতুন এমপি আমাদের কাছ থেকে টাকা নিতে নিষেধ করেছে। আল্লাহ তার মাধ্যমে আমাদের মাফ করেছে।”
শুধু মোস্তাইন শেখ নন—তার মতো অনেক ভ্যানচালকই জানান, টোল আদায় বন্ধ হওয়ায় তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮-১৯ সাল থেকে টুঙ্গিপাড়া পৌরসভা এলাকায় ভ্যান প্রবেশ করলেই ইজারাদারের লোকজন ১০ টাকা করে টোল আদায় করে আসছিল। বালাডাঙ্গা ব্রিজ, পাটগাতী বাসস্ট্যান্ডের দুই পাশ ও পাটগাতী বাজার এলাকায় স্থায়ীভাবে অবস্থান করে এই টাকা নেওয়া হতো।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) থেকে এস এম জিলানী নির্বাচিত হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ভ্যানচালকদের কাছ থেকে টোল আদায় বন্ধের নির্দেশ দেন। এর পরপরই ইজারাদারের লোকজন টোল নেওয়া বন্ধ করে।
পৌর এলাকার পাচকাহনিয়া গ্রামের ভ্যানচালক তুহিন শেখ বলেন, “যাত্রী পাই বা না পাই, রোজগার হোক বা না হোক—১০ টাকা দিতেই হতো। এখন দুই দিন ধরে টাকা নিচ্ছে না। এতে অনেক উপকার হয়েছে।”
চিতলমারীর কুনিয়া গ্রামের ভ্যানচালক সেলিম মোল্লা জানান, “দীর্ঘদিন ধরে আমরা চাইছিলাম টোলটা বন্ধ হোক। এবার নতুন এমপির নির্দেশে সেটা হয়েছে। চৌরঙ্গী ব্রিজের টোলটাও বন্ধ হলে আমাদের আরও সুবিধা হবে।”
জোয়ারিয়া গ্রামের ভ্যানচালক অনিমেষ বলেন, “টোল দিতে হতো বলে যাত্রীদের কাছ থেকেও ভাড়া বেশি নিতে বাধ্য হতাম। এতে ঝগড়া হতো। এখন টোল বন্ধ হওয়ায় যাত্রীদের কাছ থেকেও কম ভাড়া নিতে পারবো।”
এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী বলেন, “নির্বাচনের আগে গণসংযোগে ভ্যানচালকেরা টোলের বিষয়টি বারবার জানিয়েছিলেন। আমি তাদের কথা দিয়েছিলাম নির্বাচিত হলে টোল বন্ধ করবো। টুঙ্গিপাড়ার খেটে খাওয়া মানুষের ওপর যেন অযৌক্তিক আর্থিক চাপ না থাকে, সেই লক্ষ্যেই জেলা প্রশাসক ও ইউএনওর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাই তাদের জন্যই কাজ করতে চাই।”
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, “নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে ভ্যানচালকদের কাছ থেকে টোল আদায় বন্ধ রাখা হয়েছে। বর্তমান ইজারার মেয়াদ শেষ হলে নতুন টেন্ডারের সময় বিষয়টি নিয়ে আলোচনা করে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।”


