জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউল ফেরদৌস রাইটসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পাশের একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পুকুর, খাল-বিল ও অন্যান্য জলাশয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ মাছ উৎপাদন এবং জলাশয় দূষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মৎস্য চাষিদের সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, অধিক মাছ উৎপাদনের লক্ষ্যে মাঠপর্যায়ে মৎস্য বিভাগ কাজ করছে। মৎস্য চাষিদের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হবে। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৫ জন ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মাছের পোনা অবমুক্ত করলেন বিমানমন্ত্রী, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ