প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে ব্রাহ্মণপাড়া উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) কার্যালয়ের সহকারী পরিচালক ও সদস্য সচিব ফাতেমা মেহের ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এর বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়। এতে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন ব্রাহ্মণপাড়া উপজেলার ইউএনও মাহমুদা জাহান।
জানা যায়, ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। বিদ্যালয়ে নিয়মিত পরিদর্শন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে উদ্যোগ, পাঠদানের মানোন্নয়ন, শিক্ষকদের সঙ্গে সমন্বয় সভা এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে তিনি শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন।
বিশেষ করে শিক্ষাবান্ধব প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে তাঁর ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, তাঁর নেতৃত্ব ও তদারকির ফলে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, “ইউএনও মহোদয়ের আন্তরিকতা, কর্মদক্ষতা ও সময়োপযোগী দিকনির্দেশনার কারণে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাঁর নেতৃত্বে আমরা দলগতভাবে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। এই সম্মান তাঁর যোগ্যতার যথার্থ স্বীকৃতি।”
এদিকে এ অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশংসার জোয়ার দেখা গেছে। শিক্ষক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সচেতন নাগরিকরা এটিকে ব্রাহ্মণপাড়া উপজেলার জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে অভিহিত করেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহমুদা জাহান বলেন, “এই অর্জন আমার একার নয়। এটি ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষা পরিবারের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।”
সংশ্লিষ্টদের মতে, মাহমুদা জাহানের এ বিভাগীয় শ্রেষ্ঠত্ব কেবল ব্যক্তিগত সাফল্য নয়; এটি ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষা ব্যবস্থার অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তাঁর এই অর্জন ভবিষ্যতে উপজেলার শিক্ষা উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।


